রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে ২ শ্রমিক নিহত, আহত ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে জাহাজ থেকে গম নামানোর (আনলোড) সময় ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
গতকাল রোববার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রূপগঞ্জের গঙ্গানগর এলাকায় অবস্থিত ট্রাইকম ফ্রাইট অ্যান্ড লজিস্টিকস নামের একটি কোম্পানিতে মালামাল লোড-আনলোডের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের মালামাল লোড-আনলোডের জন্য একটি ঘাট রয়েছে। ঘাটটির মালিক কাজল ঘোষ নামে এক ব্যবসায়ী। রোববার সন্ধ্যা ৬টার দিকে ক্রেন চালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন দিয়ে গম আনলোড করছিলেন। এসময় ক্রেনের নিচে কাজ করছিলেন তিন জন শ্রমিক। একপর্যায়ে ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ পড়ে ঘটনাস্থলেই আল-আমিন নামে একজন শ্রমিক নিহত হয়। এসময় আহত আরেক শ্রমিক আমিন মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। মিশু মিয়া (২৭) নামের আরেক শ্রমিক আহত হয়েছে।
ঘাটটির সরদার মোহাম্মদ ওমর ফারুক বলেন, ক্রেনের গ্রাফ পড়ে দুইজন শ্রমিক নিহত হয়েছে। আমি তাদের সঙ্গে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সবজেল হোসেন বলেন, নিহত দুই শ্রমিকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।