কাহালু পৌরসভার জানালার গ্রিল কেটে ১ লাখ ১০ হাজার টাকা চুরি
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু পৌরসভার কর ও ক্যাশ শাখার জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে ১ লাখ ১০ হাজার টাকার চুরির ঘটনা ঘটেছে। ঘটনানাটি ঘটেছে গতকাল রোববার (১ মার্চ) রাত ৮টার পর তারাবি নামাজ চলাকালীন।
জানা গেছে, চোর ওই দিন রাতে কর আদায় শাখার দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে স্টিল আলমারির তালা ভেঙে ড্রয়ার খুলে কাগজপত্র তছনছ করে ৬৫ হাজার টাকা এবং একই কায়দায় পাশের ক্যাশ শাখার পূর্ব পাশের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ স্টিল আলমারির তালা ভেঙে ড্রয়ার খুলে ৪৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে কাহালু পৌরসভার ক্যাশিয়ার মো. রফিকুল ইসলাম লিটন ও কর আদায়কারী মো. ফকরুল ইসলাম বরেন, কাজের চাপে তারা ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অফিসে ছিলেন। এরপর তারা তারাবির নামাজ পড়তে পাশের মসজিদে যান এবং নামাজ শেষে রাত ১০টার সময় অফিসে এসে চুরির ঘটনা দেখতে পান।
কাহালু থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কাহালু পৌর প্রশাসক মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী জানান, চুরির ঘটনা তাকে জানানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159421