পঞ্চগড়ের দেবীগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে নৈশপ্রহরী গ্রেফতার
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাকিব ইসলাম (২৯) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (১ মার্চ) সকালে ভুক্তভোগী শিশুরটির মা দেবীগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন। পরে রোববার দুপুরে দেবীগঞ্জ থানা পুলিশ রাকিবকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
অভিযুক্ত রাকিব দেবীগঞ্জ পৌর শহরের কাচারীপাড়া এলাকার রোস্তম আলীর ছেলে। সে দেবীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে চুক্তিভিত্তিক নৈশপ্রহরী হিসেবে কর্মরত। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৪টার দিকে দেবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিস বন্ধ থাকার সুযোগে রাকিব ওই শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে অফিসে ডেকে নেয় এবং ধর্ষণের চেষ্টা করে।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান চৌধুরী বলেন, ভুক্তভোগী শিশুর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159400