ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশি অভিযানে মাদকসহ আটক ৩
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিশেষ অভিযানে মাদকসহ ৩ জনকে আটক করে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার রাবেয়া মোড়ে বজ্রমতী এলাকায় মাদক বিরোধী অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার বজ্রমতলী আবাসন প্রকল্প গ্রামের কার্তিক দাসের ছেলে সম্পদ দাস (৩৫), তারবাগান গ্রামের লফর আলীর ছেলে জাকির হোসেন (৩২) ও তোররা গ্রামের মৃত মুক্তার মিলারের ছেলে মুরাদ হোসেন (১৭)।
হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর থানার এসআই রাজেকুল ইসলাম সঙ্গীয় পুলিশ নিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে। অভিযানে সম্পদের বাড়ি থেকে ৩ জনকে আটক করা হয়।
এসময় তাদের কাছে থাকা ১৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ট্যাবলেট বিক্রির ৯ হাজার ১৪৮ টাকা, ৩টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেলসহ তাদের থানায় নিয়ে আসে। আজ রোববার (১ মার্চ) তাদের বিরুদ্ধে হরিপুর থানায় মামলা দায়ের করে ঠাকুরগাঁও জেলাহাজতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159397