বগুড়া শহরে ব্যবসায়ী খুন
স্টাফ রিপোর্টার : বগুড়া শহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যবসায়ী শহরের মাহবুব নগর এলাকার নওশেদ আলীর ছেলে। পুলিশ ও শজিমেক হাসপাতাল সূত্র জানায়, শহরের মাহবুব নগরে আজ রোববার (১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে প্রতিপক্ষের উপর্যুপরীভাবে ছুরিকাঘাতে সাইফুল ইসলাম গুরুতর আহত হন।
এরপর লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসাপাতালে ভর্তি করে দেয়। কিন্ত সেখানে তার অবস্থার উন্নতি না হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। এরপর স্বজনরা আজ রোববার (১ মার্চ) বিকেলে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। কিন্তু পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাইফুল ইসলাম মারা যান।
নিহতের ছেলে জানান, তার বাবা মসজিদের খতিব ছিলেন। পাশাপাশি তিনি ব্যবসাও করতেন। জমি-জমা নিয়ে প্রতিপক্ষের লোকজনের সাথে তার বাবার বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা শহরের মাহবুব নগরে তার বাবাকে ছুরিকাঘাত করে খুন করেছে।
খুনের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি মো: মুনিরুল ইসলাম বলেন, জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ তদন্তে নেমেছে। খুনিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159392