সুখের সংসার’-এ তন্ময় সোহেল, মিম ও মিহি
অভি মঈনুদ্দীন ঃ এক সময় বিনোদন সাংবাদিকতার সাথেই সম্পৃক্ত ছিলেন গুনী নাট্যনির্মাতা সকাল আহমেদ। তবে সাংবাদিকতা ছেড়ে নির্মাতা হিসেবেই তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। এই দেশের নাট্যপ্রেমী দর্শককে তিনি বহু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। সকাল আহমেদ এবারই প্রথম এই সময়ের দর্শকপ্রিয় তিন অভিনয়শিল্পী তন্ময় সোহেল, মিম চৌধুরী ও ফারহানা আহসান মিহিকে নিয়ে আগামী ঈদে এটিএন বাংলায় প্রচারের জন্য নির্মাণ করেছেন ঈদ বিশেষ নাটক ‘সুখের সংসার’। নাটকটি রচনা করেছেন আল আমিন স্বপন।
মূলত এক স্বামীকে নিয়ে দুই বধূর সুখ দুঃখ, আনন্দ বেদনা এবং স্বামীকে কাছে পাওয়া না পাওয়ার গল্প নিয়েই ‘সুখের সংসার’ নাটকটির গল্প আবর্তিত। নাটকে অভিনয় করা প্রসঙ্গে সবসময় শিল্পীরাই তাদের অভিজ্ঞতার কথা বলে থাকেন। এবার জানতে চাওয়া হলো নির্মাতা সকাল আহমেদ-এর কাছে তন্ময় সোহেল, মিম চৌধুরী ও মিহি প্রসঙ্গে।
সকাল আহমেদ বলেন,‘ তন্ময় সোহেল খুউব ভালো মনের এবং ভীষণ বিনয়ী একজন মানুষ। কোনাকিছু নিয়ে তার উচ্চবিলাসীতা নেই, অল্পতেই সন্তুষ্ট থাকে। ভীষণ শুটিং ফ্রেণ্ডলি একজন শিল্পী তন্ময়। আর মিমকে আমি মিমবো বলে ডাকি, আমার বন্ধুর ভাগ্নি সে। আমার খুব কাছের একজন শিল্পী। মিম ইজ রিয়েলি অ্যা ফাইনেস্ট অ্যাকট্রেস। সংলাপের ধরন বুঝে তার অভিনয়ের রিঅ্যাকশান পরিবর্তন হয়, যেটা খুউব গুরুত্বপূর্ণ। অভিনয়ে ভীষণ সাবলীলও বটে।
অন্যদিকে মিহির সঙ্গে আমার কাজ কম হয়েছে। অভিনয়ে বেশ ভালো। তারসঙ্গে আরো কিছু কাজ করা হলে হয়তো আরো ডিটেইল বলা যেতো। কিন্তু তারপরও একজন পারফেক্ট অভিনেত্রী।’ সকাল আহমেদ-এর সঙ্গে কাজ করা প্রসঙ্গে তন্ময় সোহেল বলেন,‘ সকাল ভাই এমনই একজন নির্মাতা যার নির্দেশনা আমি ভীষণ উপভোগ করি।’
মিম বলেন,‘ ভীষণ শান্ত এবং যেকোনো প্রতিকুল পরিবেশেও চুপচাপ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে যত্ন নিয়ে কাজ করতে পারা একজন মেধাবী পরিচালক।’
মিহি বলেন,‘ ভীষণ যত্ন নিয়ে সকাল ভাই গল্পটা ঠাণ্ডা মাথায় শিল্পীদের কাছ থেকে অভিনয় আদায় করে নন। এই নাটকে অভিনয় করতে গিয়ে আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, যেমনটা ব্যক্তি জীবনেও আমি।’ নির্মাতা এবং শিল্পীরা ‘সুখের সংসার’ নাটকটি নিয়ে ভীষণ আশাবাদী। ‘সুখের সংসার’ নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং হাউজে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159390