বগুড়ায় এনজিও কার্যালয়ে হামলা, দুইজন হাতুড়িপেটা
স্টাফ রিপোর্টার : কিস্তির টাকা চাওয়াকে কেন্দ্র করে বগুড়ায় ‘উদ্দীপন’ নামে একটি এনজিওর কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ সময় হাতুড়ি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই কর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে বগুড়া শহরের উপকণ্ঠে ফুলতলা পাট বীজাগারের সামনে অবস্থিত ওই এনজিও কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, রংপুরের বদরগঞ্জ উপজেলার সন্তোষপুর এলাকার ওমর আলীর ছেলে প্রোগ্রাম অফিসার মো.হাসিনুর রহমান (৩৪) এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার শালাইননগর এলাকার আলতাব আলীর ছেলে ফার্স্ট ক্রেডিট অফিসার মো. শিমুল আলী (২৭)।
উদ্দীপনের ফার্স্ট ক্রেডিট অফিসার রাজিয়া সুলতানা বলেন, গত বছরের নভেম্বর মাসে খান্দার এলাকার নূর ইসলাম নাহিদের স্ত্রী মাহমুদা রহমান নামে এক গ্রাহক দুই লাখ টাকা ঋণ নেন। কিন্তু তিনি কোনো কিস্তি পরিশোধ করেননি। বারবার কিস্তির জন্য তাগাদা দেওয়া হলে তিনি গড়িমসি করেন। গতকাল শনিবার বিকেলে কিস্তি চাইতে গেলে নূর নবী নামে এক কর্মীকে মারধর করা হয়। পরে রাতে পরিকল্পিতভাবে তাঁদের কার্যালয়ে হামলা চালানো হয়।
এ সময় ভাঙচুরের পাশাপাশি কয়েকজন কর্মীকে বেধড়ক মারধর করা হয়। এসময় হামলাকারীরা কার্যালয়ে থাকা আনুমানিক দেড় লাখ টাকা নিয়ে যায় বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, দুই থেকে তিনজন ব্যক্তি হঠাৎ কার্যালয়ে ঢুকে হামলা চালান। তারা হাতুড়ি ও চাকু দিয়ে দুই কর্মীকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তারা আহত হন। পরে কার্যালয়ের কম্পিউটার, চেয়ার ও টেবিল ভাঙচুর করা হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫-৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে আজ রোববার (১ মার্চ) পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করা যায়নি। আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
তিনি আরও বলেন আহতদের মধ্যে একজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং আহত অপরজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159375