নেত্রকোণা জেলা শহরের ছোট বাজার এলাকায় এসি বিস্ফোরণের আগুনে রাজু সাহা নামে এক ব্যবসায়ী গুরুতর দগ্ধ হওয়ার একদিন পর আজ রবিবার (১ মার্চ) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
এরআগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জানা যায়, রাজু সাহার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের এসি বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে দোকানের ভেতরের মালামাল তছনছ হয়ে যায় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক দগ্ধ অবস্থায় রাজু সাহাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজু সাহার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পরে ঢাকায় নিয়ে গেলে আজ রোববার দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। এতে তার পরিবারসহ জেলা শহরে শোকের ছায়া নেমে এসেছে।