ইস্তাম্বুল থেকে ঢাকায় ফিরছেন নুসরাত ফারিয়া, যেতে পারেননি দুবাই

ইস্তাম্বুল থেকে ঢাকায় ফিরছেন নুসরাত ফারিয়া, যেতে পারেননি দুবাই

করতোয়া বিনোদন: ইসরায়েল ও আমেরিকার আকস্মিক হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তুরস্কের ইস্তাম্বুল থেকে দুবাই যাওয়ার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতির কারণে সেখানে আটকা পড়েন তিনি। পরে, দীর্ঘ অনিশ্চয়তা ও উদ্বেগজনক সময় পার করে অবশেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে ভক্তদের নিজের এই পরিস্থিতির কথা জানিয়েছেন ফারিয়া।

গত শনিবার রাতে দেওয়া সেই পোস্টে নুসরাত ফারিয়া দিনটিকে ‘দুঃস্বপ্নের মতো’ বলে বর্ণনা করেন। তিনি লেখেন, ঘুম থেকে উঠে শুনলাম যুদ্ধ, ইউএই(আরব আমিরাতের)-এর আকাশপথ বন্ধ। মুহূর্তের মধ্যে সবকিছু থেমে গেল। ইস্তানবুল থেকে দুবাই যাওয়ার কথা ছিল। এয়ারপোর্টে দাঁড়িয়ে মনে হচ্ছিল চারপাশের পৃথিবীটা বদলে যাচ্ছে, এত অনিশ্চয়তা, এত চাপ, এত ভয়।তবে এই সংকটের মুহূর্তে ইস্তাম্বুলে অবস্থানরত বন্ধু ও তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফারিয়া। চরম বিশৃঙ্খলার মাঝেও তারা যেভাবে ফারিয়ার নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং বারবার খোঁজ নিয়েছেন, তা তাকে ভেঙে পড়তে দেয়নি বলে জানান অভিনেত্রী। 

বর্তমানে তিনি প্লেনে চড়ে ঢাকার পথে রয়েছেন। পোস্টে বিশ্বজুড়ে শান্তি কামনার পাশাপাশি সৃষ্টিকর্তা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই নায়িকা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159277