মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিয়ে উদ্বিগ্ন সরকার

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিয়ে উদ্বিগ্ন সরকার

ইরানসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। শনিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ উদ্বেগ জানানো হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিব পরিস্থিতি পর্যালোচনা করেন এবং তেহরানে বাংলাদেশ মিশনের প্রধানের সঙ্গে সরাসরি কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আকাশপথ ও আকাশসীমা বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশিদের যাতায়াত ব্যাহত হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে অনুরোধ জানানো হয়েছে, যেন পরিস্থিতি স্বাভাবিক হলে আটকে পড়া ও গমনেচ্ছু বাংলাদেশিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। কয়েকটি দেশ ইতোমধ্যে ইতিবাচক আশ্বাস দিয়েছে। একই সঙ্গে দেশের বিমানবন্দরগুলোতে আটকে পড়া কর্মীদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকার তেহরানে বাংলাদেশ মিশন, কূটনীতিক, কর্মকর্তা-কর্মচারী এবং সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি বাংলাদেশ সকল পক্ষকে সংযম প্রদর্শন, উত্তেজনা এড়িয়ে কূটনৈতিক সংলাপ জোরদার করার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে, সংঘাত নয়—সংলাপ ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার মাধ্যমেই শান্তিপূর্ণ সমাধান সম্ভব। মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশ তার নীতিগত অবস্থান অব্যাহত রাখবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159263