কুয়েতে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

কুয়েতে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

ইরান-ইসরাইলের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস কুয়েত।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে প্রবাসী বাংলাদেশিদের সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে এবং সবাইকে নিজ নিজ বাসা অথবা নিরাপদ স্থানে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্যও আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া সম্ভাব্য জরুরি পরিস্থিতির কথা বিবেচনা করে সব সময় প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নগদ অর্থ, কুয়েতের সিভিল আইডি, হেলথ ইনস্যুরেন্স কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল ফোন ও চার্জার, শুকনো খাবার এবং পানির মতো জরুরি সামগ্রী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলতে হবে এবং কুয়েত সরকার প্রদত্ত নির্দেশনা অনুসরণ করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কিত কোনো ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার আহ্বান জানানো হয়েছে।

জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +965 69920013, +965 66516404, +965 50895161-এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে। এ ছাড়া mission.kuwait@mofa.gov.bd ই-মেইলেও যোগাযোগ করা যাবে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন দূতাবাসের কাউন্সেলর ও দূতালয়প্রধান মোহাম্মদ মনির।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159254