গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিতে হবে : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিতে হবে : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দুর্নীতি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি এ বিষয়গুলোতে সময় নষ্ট না করে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত।

আমাদের ভবিষ্যৎ ভাবনা থেকে, আমরা কত দ্রুত সামনে এগিয়ে যেতে পারি, দেশকে সত্যিকার অর্থে কতটা উন্নয়নের পথে নিয়ে যেতে পারবো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারবো সেই বিষয়গুলো আমাদের নজর দেওয়া উচিৎ। দুর্নীতির বিষয়ে আমরা কখনো কাউকে প্রশয় দেয়নি, আর দেবো না। এটা দুর্নীতি দমন কমিশনের কাজ তারা দেখবে।

তিনি আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি দপ্তরের প্রধানগণের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বিষয়ে মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন ইতোমধ্যে বেশকিছু উন্নয়ন কার্যক্রম চলমান। আমরা সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে সভা করলাম।

এখন পর্যায়ক্রমে অন্যান্য উন্নয়ন কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবো। মেডিকেল কলেজ করার বিষয়ে একটি প্রতিনিধি দল ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন। তারা বিভিন্ন বিষয়গুলো খতিয়ে দেখছে। আমরা তাদের সাথে কথা বলে জেনেছি হয়তো ৬ মাসের মধ্যে অর্থাৎ ২০২৬ সালের মধ্যে এটির কার্যক্রম শুরু হতে পারে। এটি আমাদের জন্য দারুণ একটি সুযোগ হবে।

তিনি আরও বলেন, আমাদের যে ফ্যামিলি কার্ড যেটা, প্রধানমন্ত্রীর যেটা সবচেয়ে বড় একটি কর্মসূচি সেটি বাস্তবায়ন করা হবে। আমার মনে হয় এ মাসেই এটির কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু হবে। আমাদের সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের একটি ওয়ার্ডও পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড চালু হলে তারা উপকৃত হবে।

মাদকের ব্যাপারে কোন ছাড় নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে সম্মিলিতভাবে মাদক নির্মুলে কাজ করতে হবে। আমাদের কথা অনুযায়ী খাদ্য নিরাপত্তার যে বিষয়গুলো সেগুলো নিয়ে কাজ শুরু হয়েছে। এছাড়াও জেলার অন্যান্য বিষয় নিয়ে সভায় কথা হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হক সুমন, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক মো: পয়গাম আলীসহ জেলার বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ।

উল্লেখ্য, তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ইশরাত ফারজানাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ। পরে তিনি শহরের যানযট নিরসনে ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত ঢাকাসহ দুরপাল্লাগামী কোচ কাউন্টারের উদ্বোধন করেন। বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মির্জা রুহুল আমিন স্মৃতি সংসদ ও জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159249