বগুড়ার আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী পাঁচবিবি থেকে উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী পাঁচবিবি থেকে উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির দশম শ্রেণির এক ছাত্রী (১৭) অপহরণ মামলায় পাঁচবিবি থানা এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের মৃত আয়েন উদ্দীনের ছেলে আলম হোসেন (৪৫) ও তার স্ত্রী জয়নেব বিবি (৩৭)।

তবে মূল অভিযুক্ত শাহিদ হোসেন পলাতক রয়েছে। এ ঘটনায় অপহৃত স্কুলছাত্রীর মা বাদি হয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের শাহিদ হোসেন (১৮), তার বাবা আলম হোসেন (৪৫), মা জয়নেব বিবি (৩৭) ও মৃত আয়েন উদ্দিনেরে ছেলে আক্তারুজ্জামানকে (৫৫) আসামি করে ওই দিন থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, আদমদীঘি থানায় কর্মরত জনৈক পুলিশ কনেস্টবলের মেয়ে দশম শ্রেণির ছাত্রী (১৭) গত ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় তাদের ভাড়া বাসা থেকে নেহা কমপ্লেক্সের নিচতলা প্রাইভেট শেষে বেলা সাড়ে ১১টায় বাসায় ফেরার পথে আদমদীঘি ইউনিয়ন পরিষদের সামনে থেকে উল্লেখিত ব্যক্তিরাসহ অজ্ঞাত আরও দুইজন ওই ছাত্রীকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়।

মামলা দায়েরের পর থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে পরদিন গতকাল শুক্রবার সন্ধ্যায় পাঁচবিবি উপজেলা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও মূল অপহরণকারী শাহিদ আলমের বাবা আলম হোসেন ও মা স্ত্রী জয়নেব বিবিকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) উদ্ধার হওয়া ছাত্রীকে ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দী গ্রহণের জন্য এবং  গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159247