এশিয়ান কাপ শুরু রোববার, ইতিহাসের অপেক্ষায় বাংলাদেশের নারীরা
এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় আসর এশিয়ান কাপ শুরু হচ্ছে রোববার (০১ মার্চ)। উদ্বোধনী ম্যাচে পার্থে স্বাগতিক অস্ট্রেলিয়া মুখোমুখি হবে ফিলিপাইন। ১২ দল নিয়ে অনুষ্ঠিত এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে বাংলাদেশের অভিযান শুরু হবে ৩ মার্চ থেকে।
৫১ বছরের টুর্নামেন্ট ইতিহাসে সবচেয়ে সফল দল চীন, যারা এখন পর্যন্ত নয়বার শিরোপা জিতেছে। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ এ শক্তিশালী দলটি। একই গ্রুপে রয়েছে উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।
আসরের পর্দা উঠতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। স্বাগতিক দেশের সিডনি, পার্থ ও গোল্ডকোস্ট শহরজুড়ে ইতোমধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। বাংলাদেশের জন্য এবারের আসর বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এশিয়ার মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতায় প্রথমবার খেলতে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রত্যাশার চাপ তুলনামূলক কম থাকলেও অর্জনের সুযোগ বড় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
আধুনিক ফুটবলে নিয়মিত ব্যবহৃত ভিএআর প্রযুক্তির অভিজ্ঞতাও প্রথমবার পেতে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবলাররা। আন্তর্জাতিক ম্যাচের অপেক্ষায় থাকা খেলোয়াড়রা এবার এশিয়ার শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগ পাচ্ছেন।
বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৩ মার্চ সিডনির কমব্যাংক স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ ৬ মার্চ একই ভেন্যুতে উত্তর কোরিয়ার বিপক্ষে। এরপর ৯ মার্চ পার্থে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159212