বাসিন্দাদের তেহরান ছাড়ার নির্দেশ ইরান সরকারের

বাসিন্দাদের তেহরান ছাড়ার নির্দেশ ইরান সরকারের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মুখে রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছাড়ার নির্দেশ দিয়েছে ইরান সরকার।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের এক জরুরি বিবৃতিতে নাগরিকদের নিরাপত্তার স্বার্থে শান্ত থেকে অন্য শহর বা নিরাপদ এলাকায় সরে যাওয়ার এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান উদ্ভূত পরিস্থিতির কারণে নাগরিকদের শান্তি বজায় রেখে সম্ভব হলে দ্রুত অন্য শহর ও নিরাপদ এলাকায় যাত্রা করার চেষ্টা করতে হবে। নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে আরও নির্দেশনা জারি করা হবে।

এর আগে আজ শনিবার ভোরে কোনো পূর্বঘোষণা ছাড়াই ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানের কেন্দ্রীয় অংশসহ ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা অধিদপ্তর ও বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলার পর তাৎক্ষণিকভাবে ইরান তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে।

ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ‘শিল্ড অব জুডাহ’ (Shield of Judah) নামের এই বিশেষ অভিযানটি কয়েক মাস ধরে পরিকল্পিত ছিল। অভিযানের মূল লক্ষ্য হলো ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠা ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ড্রোন (ইউএভি) ঘাঁটিগুলো ধ্বংস করা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159189