দেশের ২০ হাজার কিলোমিটার নদী-খাল-জলাশয় পুনঃখনন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ইশতেহার অনুযায়ী লক্ষ্যমাত্রা নিয়ে সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী-খাল-জলাশয় পুনঃখনন করা হবে। ইতিমধ্যে মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয়েছে। সারা দেশের এমপি ও ডিসিদের এ বিষয়ে অবগত করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পুনঃখনন কাজ শুরু করা হবে।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর নির্বাচনি এলাকা পঞ্চগড়ের বোদায় পাথরাজ নদী পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ১৯৮০ সালে একই জায়গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাথরাজ নদী খননের মধ্য দিয়ে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। ৫৫ কিলোমিটারজুড়ে সেই খাল এখন অনেকটা ভরাট হয়ে গেছে। এটি পুনঃখনন করে পানি ভরাট রাখতে পারলে প্রায় ৫০ হাজার বিঘা জমি চাষাবাদের আওতায় আসবে এবং প্রায় ৩ লাখ মানুষ এর সুফল ভোগ করবেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার আগামী ৫ বছরের মধ্যে ২৫ হাজার কোটি বৃক্ষরোপণ করার পরিকল্পনা হাতে নিয়েছে। এই সব নদী-খাল-জলাশয় খনন করে দুই ধারে বৃক্ষরোপণের মাধ্যমে বনায়ন প্রকল্প বাস্তবায়িত হবে বলেও তিনি জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, এই সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। নির্বাচনি ইশতেহার অনুযায়ী ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে, কৃষকদের জন্য ১০ হাজার টাকা সুদসহ কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা বারবার বলেছি দুর্নীতির গলা চেপে ধরে জিরো টলারেন্সে মাধ্যমে আগামীর বাংলাদেশ গঠনে এই সরকার বদ্ধপরিকর।
প্রতিমন্ত্রী বলেন, আমরা নির্বাচনি এলাকায় কথা দিয়েছিলাম, আমরা ক্ষমতায় গেলে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিদের সম্মানি ভাতা প্রদান করার, আপনার ইতিমধ্যে জেনেছেন যে, মসজিদ ও মন্দরগুলোর তালিকা করা হচ্ছে, সম্ভবত ঈদের আগে তাদের সম্মানী ভাতা প্রদান করা হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নদী-খাল খনন করে যে খাদ্য শস্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করতো, তেমনি ভাবে আমরা পুনরায় ভরাট হওয়া নদী-খাল খনন করে এই বাংলাদেশকে খাদ্য শস্যের ভান্ডার হিসেবে গড়ে তুলবো, অতিরিক্ত খাদ্য শস্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা লাভ করে বাংলাদেশকে বিশ্বের কাছে উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো।
এসময় রংপুর উত্তরাঞ্চল পাউবো’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মুহাম্মদ সরফরাজ বান্দা, বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, পঞ্চগড় জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপবিভাগীয় প্রকৌশলী রাফসান জানি, বোদা থানা অফিসার ইনচার্জ সেলিম মালিক, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ও বিভিন্ন পর্যায়ের বিএনপি’র নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159155