পাবনার ভাঙ্গুড়ায় আসামিকে না পেয়ে স্ত্রী ও ভাই-ভাবীকে পুলিশের মারধরের অভিযোগ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় চেক ডিসঅনার মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে বাড়িতে ধরতে গিয়ে না পেয়ে তার স্ত্রী ও ভাই-ভাবীকে গালিগালাজ ও মারধর করে আহত করার অভিযোগ উঠেছে ভাঙ্গুড়া থানা পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশ এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে বরং তাদের দুই সদস্যকে হামলায় সামন্য আহত করা হয় বলে জানায়। বৃহস্পতিবার (২৬ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঝঁবঝঁবিয়া গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি রুবেলের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, চেক ডিসঅনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও স্থানীয় জামায়াত কর্মী আব্দুর রহিম রুবেলকে গ্রেপ্তারের উদ্দেশ্যে এসআই আনিসের নেতৃত্বে ১০-১২ জন পুলিশ সদস্য তার বাড়িতে অভিযান চালান। এসময় ঘরের দরজা খুলতে দেরি হওয়ায় পুলিশ সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন বলে ভুক্তভোগীদের অভিযোগ রয়েছে। পরিবারের দাবি, অভিযুক্ত রুবেল হোসেন ঘটনার রাতে বাড়িতে না থাকায় তার স্ত্রী ফজিলা খাতুন জামিনের কাগজপত্র ওয়ারেন্ট তামিল পুলিশ কর্মকর্তাদের দেখান। এরপরও আসামিকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগ এনে পুলিশ সদস্যরা গালিগালাজ করেন এবং রুবেলের ভাই রনি ইসলাম (২৫), ভাবী স্বপ্না খাতুন (২৩) ও স্ত্রী ফজিলা খাতুনকে (৪০) বেধড়ক মারধর করেন। এ ঘটনায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আহত রনি ইসলাম (২৫) ও ভাবী স্বপ্না খাতুনকে (২৩) ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার খবর পেয়ে উপজেলা জামায়াতের আমির ডা. মহির উদ্দিনসহ নেতৃবৃন্দ হাসপাতালে আহতদের দেখতে যান। তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ী পুলিশ সদস্যদের দ্রুত শাস্তির দাবি করেন।
অন্যদিকে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, চেক ডিসঅনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রুবেলকে গ্রেপ্তার করতে গেলে বাড়ির লোকজন তাকে পালাতে সহায়তা করেন এবং পুলিশের সঙ্গে অসদাচরণ করেন। এ সময় ধাক্কাধাক্কির ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হন। তাদের রাতেই হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159146