ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ভারত ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে এবং এ বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে।
শুক্রবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন, যাতে বাংলাদেশের নাগরিকরা সহজে ভ্রমণ করতে পারেন।
এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মধ্যে ঢেউটিন, শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার রয়েছে এবং ভবিষ্যতেও সহায়তা অব্যাহত থাকবে।
তিনি বলেন, নতুন সরকার জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় খোয়াড় গ্রামে একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে পাঁচটি বসতঘর পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159123