নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক : ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জারি করা নির্দেশনায় নাগরিকদের আপাতত ইসরায়েল ভ্রমণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যতক্ষণ বাণিজ্যিক ফ্লাইট চালু রয়েছে, ততক্ষণ নাগরিকদের ইসরায়েল ছাড়ার পরিকল্পনা করতে হবে।
এর আগে সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রর মধ্যে বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আবারও আলোচনা হতে পারে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুটি রণতরীসহ এক ডজন যুদ্ধজাহাজ ও কয়েক ডজন যুদ্ধবিমান মোতায়েন করেছেন। বিশ্লেষকদের আশঙ্কা, আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাস কর্মকর্তাদের দ্রুত ইসরায়েল ত্যাগের প্রস্তুতি নিতে বলেছেন। দূতাবাসের পাঠানো বার্তায় বলা হয়েছে, যেকোনো দেশের বিমানের টিকিট পাওয়া গেলে তা ব্যবহার করে আগে ইসরায়েল ত্যাগ করতে হবে।
এদিকে যুক্তরাষ্ট্র ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ এবং প্রধান স্থাপনাগুলো ভেঙে ফেলার শর্ত দিয়েছে। তবে তেহরান নির্দিষ্ট সময়ের জন্য কার্যক্রম স্থগিত রাখার পক্ষে অবস্থান নিয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159122