গাইবান্ধার গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং হ্যাকার চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর পোনে পাঁচটায় উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাজীরচক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে স্বপন মিয়া(২০), ছামছুল রহমানের ছেলে সৌরভ রহমান(২১), মৃত আব্দুল মান্নান সরকারের ছেলে হাসান রহমান(২২) এবং রাখালবুরুজ ইউনিয়নের সরকারপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে নুর আলম সরকার(২২)।
পুলিশ জানায়, দীর্ঘদিন একটি চক্র হ্যাকিং এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে অসহায় ও হতদরিদ্র মানুষের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সামাজিক নিরাপত্তার ভাতাভোগীদের অ্যাকাউন্ট হ্যাক করে লাখ-লাখ টাকা অর্থ আত্মসাৎ করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক (এস.আই) মীর কায়েসের নেতৃত্বে আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাজীর চক এলাকায় অভিযান চালানো হয়। এসময় আব্দুল মান্নান সরকারের ছেলে হাসান রহমানের বাড়ি থেকে চার হ্যাকারকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা চলমান রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাম্মেল হক জানান, গ্রেফতারের পর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159107