বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ওষুধ ব্যবসায়ী শুভর মৃত্যু

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ওষুধ ব্যবসায়ী শুভর মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী শুভ (২৮) মারা গেছেন। আহত হওয়ার ১৩ দিন পর আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুভ পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার মোস্তাফিজুর রহমানের বড় ছেলে ও হক ফার্মেসীর সত্ত্বাধিকারী। গত ১৪ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের দশমাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে ফিরছিলেন শুভ ও তার সঙ্গী। এ সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়েন। এই ঘটনায় শুভ ও রণবীরবালা এলাকার আরজু (২৮) সহ ৪ জন আহত হন।

দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় শুভকে উদ্ধার করে প্রথমে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159090