রংপুরে টিসিবি’র পণ্য বিক্রি, খুশি সকল পর্যায়ের ভোক্তা

রংপুরে টিসিবি’র পণ্য বিক্রি, খুশি সকল পর্যায়ের ভোক্তা

রংপুর জেলা প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে রংপুর মহানগরীর ১৫টি স্থানে ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)। সরকারি বন্ধের দিন বাদে প্রতিদিন সকাল থেকে পুরোদমে শহরের বিভিন্ন স্থানে এই পণ্য বিক্রি শুরু হয়েছে।

কর্মসূচির আওতায় ভোক্তারা প্রচলিত বাজার দরের চেয়ে কম দামে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, ছোলা এবং খেজুর কিনতে পারছেন। আগামী ১২ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলবে জানিয়েছেন টিসিবি’র কর্মকর্তারা। টিসিবি সূত্রে জানা যায়, রমজানের নিয়মিত পণ্যের সাথে ছোলা এবং খেজুর যুক্ত করা হয়েছে। প্রতিটি প্যাকেজের মূল্য ৫৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন প্রায় ৪০০ জন গ্রাহক।

টিসিবির রংপুর আঞ্চলিক উপ-পরিচালক ও অফিস প্রধান হাবিবুর রহমান বলেন, পণ্যগুলি সাপ্তাহিক এবং সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিক্রি করা হবে। রংপুর সিটি ব্যতীত বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলায় ৫টি পয়েন্টে পণ্য বিক্রি অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159075