জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা বাঁচিয়ে রাখল ভারত
স্পোর্টস ডেস্ক : নেট রান রেটের মারপ্যাঁচ থেকে আগের ম্যাচেই রেহাই দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের কাজটা তাই এখন শুধু জয় তুলে নেয়ার। সে পথে জিম্বাবুয়েকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো ভারত।
গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো পরাশক্তিকে হারিয়ে চমক দেখিয়েছিল জিম্বাবুয়ে। তবে সুপার এইটের লড়াইয়ে তারা কোনো চমক দেখাতে পারলো না। ওয়েস্ট ইন্ডিজের পর ভারতের কাছে বড় ব্যবধানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই ছিটকে গেলো আসর থেকে। শেষ ম্যাচ জিতলেও কোনো সমীকরণেই আর তাদের আশা বেঁচে নেই। অন্যদিকে প্রোটিয়াদের বিপক্ষে ৭৬ রানের বড় ব্যবধানে হারের পরও আপাতত নেট রান রেটের ঝামেলায় পড়তে হচ্ছে না ভারতকে। কারণ গ্রুপ ওয়ানে দিনের প্রথম ম্যাচে প্রোটিয়াদের কাছে হেরেছে উইন্ডিজ। তাই লড়াইটা এখন শুধুই পয়েন্টের। সুপার এইটের শেষ লড়াইয়ে ভারত-উইন্ডিজের মধ্যকার জয়ী দলই নিশ্চিত করবে শেষ চারের টিকিট। দুই ম্যাচ শেষে দুদলেরই পয়েন্ট সমান ২ করে। গ্রুপ ওয়ান থেকে ইতোমধ্যে টিকিট নিশ্চিত হলে গেলো প্রোটিয়াদের।
এর আগে চেন্নাইয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও জিম্বাবুয়ে। বাঁচা-মরার ম্যাচে ২৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রানে থামে রাজারা। দলের হয়ে ৯৭ রানের দৃষ্টিনন্দন এক অপরাজিত ইনিংস খেলেন ওপেনার ব্রায়ান বেনেট।