বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২০

বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২০

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর উত্তর পাশের ঢালে লাবিবা ও ইসলাম পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন, ইসলাম পরিবহনের চালক। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বরগুনার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পাথরঘাটা থেকে ঢাকাগামী ইসলাম পরিবহন ও ঢাকা থেকে বরিশালগামী লাবিবা পরিবহনের বাসের সংঘর্ষে উভয় বাসের ১৫–২০ জন যাত্রী আহত হন। লাবিবার চালক রাসেলও আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর বাবুগঞ্জ ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালায়। বাবুগঞ্জ থানার ওসি শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে আহতদের চিকিৎসা নিশ্চিত করার কথা জানিয়েছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159015