কিউবায় অনুপ্রবেশকারী মার্কিন স্পিডবোটে গুলি, নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক : জলসীমায় বিনাঅনুমতিতে প্রবেশকারী একটি মার্কিন স্পিডবোডকে লক্ষ্য করে গুলি করেছে কিউবার কোস্টাগার্ড। এতে চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৬ জন।
এক বিবৃতিতে কিউবার কোস্টগার্ড বাহিনী জানিয়েছে, অনুপ্রবেশকারী স্পিডবোটটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিবন্ধিত। নিহত এবং আহতদের নাম-পরিচয় এবং কোন দেশের নাগরিক-এসব তথ্য প্রকাশ করা হয়নি বাহিনীর বিবৃতিতে। কেন এটি কিউবার জলসীমায় প্রবেশ করল তা-ও জানা যায়নি।
কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া পৃথক এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, নিজেদের জলসীমায় স্পিডবোটটি লক্ষ্য করার পর সেটিকে থামার নির্দেশ দিয়েছিল কোস্টগার্ড বাহিনী। কিন্তু এই নির্দেশের জবাবে নৌকার আরোহীরা কোস্টগার্ড বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে কোস্টগার্ড বাহিনীও বন্দুক পাল্টা গুলি ছোড়ে। এই সংঘাতের জেরেই স্পিডবোটের আরোহীদের মধ্যে চার জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কিউবার কোস্টগার্ডের একজন কমান্ডারও আছেন। নিহত এবং আহতদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে আমরা জানতে পেরেছি যে স্পিডবোটটি একটি অসামরিক নৌযান ছিল এবং সেখানে যারা ছিলেন- তার সবাই কিউবার নাগরিক এবং দীর্ঘদিন ধরে ফ্লোরিডায় বসবাস করছেন। কিউবা থেকে নিজেদের আত্মীয় স্বজনদের বের করে আনতেই সেখানে যাচ্ছিলেন তারা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158974