ভাবির মৃত্যুর খবর শুনে দেবরের মৃত্যু
মফস্বল ডেস্ক : লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাবীর মৃত্যুর খবর শুনে দেবর সবুজ হোসেনের (৩৫) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টায় উপজেলার দরবেশপুর ইউনিয়নে।
জানা গেছে, রামগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মাহবুবুর রহমান বাহারের (ভিপি বাহার) মৃত্যুর মাত্র ৪০ দিনের মাথায় স্ত্রী জেবুন্নেসা রত্না (৪০) বুধবার দিবাগত রাত ২টায় মারা যান। এ খবর ঢাকায় অবস্থানরত ভিপি বাহারের ছোট ভাই মো. সবুজের (৩৫) কাছে পৌঁছালে সবুজ অসুস্থ হয়ে পড়েন। তারপরও সবুজ ভাবির জানাজা পড়ার জন্য রামগঞ্জের উদ্দেশে রওনার প্রস্তুতি নেয়ার আগমুহূর্তে তিনি হার্ট অ্যাটাক করেন, সঙ্গে থাকা ছোট ভাই মানিক দ্রুত ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেন জিএস মনোয়ার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, মাহবুবুর রহমান বাহার (ভিপি বাহার) গত জানুয়ারি মাসের ১৬ তারিখ অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158956