শ্রীলঙ্কাকে বিদায় করে সেমির দুয়ারে নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে শ্রীলঙ্কাকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে গেল নিউজিল্যান্ড। এখন পাকিস্তান নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেই নিশ্চিত হবে কিউইদের শেষ চারে জায়গা। এমনকি পাকিস্তান জিতলেও নেট রান রেটে এগিয়ে থাকলে সেমিতে উঠবে নিউজিল্যান্ডই।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা।
এই পরিস্থিতিতে রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস ইনিংস গড়ার দায়িত্ব নেন। পাওয়ারপ্লে শেষে স্কোরবোর্ডে ছিল ২ উইকেটে ৪৪। রাচিন আক্রমণাত্মক ভঙ্গিতে খেললেও ২২ বলে ৩২ রান করে থামেন। ফিলিপস করেন ১৮ বলে ১৮।
এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোল ম্যাককঞ্চি। শেষের দিকের ঝোড়ো জুটিতে রান ওঠে দ্রুত। স্যান্টনার ২৬ বলে ৪৭ রানের ইনিংস খেলেন, ম্যাককঞ্চি ২৩ বলে ৩১ রান যোগ করেন।
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। প্রথম বলেই পাথুম নিসাঙ্কাকে ফিরিয়ে দেন ম্যাট হেনরি। পাওয়ারপ্লেতে ২ উইকেটে মাত্র ২০ রান তুলে চাপে পড়ে লঙ্কানরা। কুশল মেন্ডিস ২২ বলে ১১ ও পাভান রাথনায়েকে ১৮ বলে ১০ রান করে আউট হন।
মাঝে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন কামিন্দু মেন্ডিস। ২৩ বলে ৩১ রানের ইনিংসে লড়াই চালালেও সঙ্গ পাননি অন্য প্রান্তে। ৭৭ রানে তার বিদায়ের পর ম্যাচ কার্যত হাতছাড়া হয়ে যায় শ্রীলঙ্কার। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১০৭ রানেই থামে লঙ্কানদের ইনিংস। ফলে ৬১ রানের বড় জয় পায় নিউজিল্যান্ড।