জয়পুরহাটের আক্কেলপুরে এক রাতে তিন বাড়িতে চুরি
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে একই রাতে তিন বাড়িতে চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে আক্কেলপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের অনন্তপুর গ্রামে আজম চৌধুরী, বেনজির চৌধুরী ও রেন্টু হোসেনের বাড়িতে দরজা ভেঙে রাতের কোন এক সময় চোরেরা প্রবেশ করে।
স্থানীয়রা বলেন, ওই তিন বাড়িতে গত দুই মাস কেউ ছিলেন না। বাড়ির মালিকেরা ঢাকা এবং নওঁগাতে চাকরির সুবাদে বাড়ির বাহিরে অবস্থান করেন। এ কারণে বাড়ি ফাঁকা ছিল। প্রতিবেশীরা সকালে গিয়ে তিনটি বাড়ির দরজা ভাঙা দেখতে পান। ঘরের জিনিসপত্রগুলো বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
তবে কী পরিমাণ জিনিসপত্র চুরি হয়েছে তার কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158923