সিরাজগঞ্জে বাড়ছে সূর্যমুখী ফুলের চাষ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে সূর্যমুখী ফুলে সাফল্য পাওয়ায় এর চাষ দিন দিন বাড়ছে। এখন ফুলে ফুলে ভরে গেছে বিভিন্ন মাঠ। ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা।
জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, জেলায় ২০০ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় আড়াই হেক্টর জমিতে। তাছাড়াও সদর, কাজীপুর, চৌহালী, কামারখন্দ, শাহজাদপুর, বেলকুচি, তাড়াশ, উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলাসহ বিভিন্ন জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে বলে জানা যায়। প্রতি গাছে একটি করে ফুল আসে। বীজ বপনের পর ফসল সংগ্রহ করতে প্রায় তিন মাস সময় লাগে।
হেক্টর প্রতি ১.৫ টন পর্যন্ত ফলন পাওয়া যায়। সূর্যমুখী চাষ করে শুরু থেকেই সফলতার মুখ দেখছেন এ জেলার কৃষকরা। যদি কোনো ধরণের প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে সূর্যমুখী চাষ করে দ্বিগুণ লাভ করতে পারবেন। এতে উপকৃত হবেন কৃষকেরা।
সদর উপজেলার মেছড়া চরের কৃষক আব্দুল গনি বলেন, আমি সারাবছর ধান, গম ও সবজির চাষ করি। গত দুই বছর হলো সূর্যমুখী ফুলের চাষ করছি। এবারও ১ বিঘা জমিতে সূর্যমুখীর চাষ শুরু করেছি। ফুলে ফুলে ভরে গেছে আমার ক্ষেত। একেকটি ফুল যেন হাসিমুখে সূর্যের আলো ছড়াচ্ছে। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে গত বছরের চেয়ে এবারও লাভের আশা করছি।
সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন জানান, সিরাজগঞ্জ সদরে বিভিন্ন ফসলের পাশাপাশি সূর্যমুখী ফুলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এবছর আড়াই হেক্টর জমিতে এ সূর্যমুখীর চাষ হয়েছে। তিনি আরও জানান, চরাঞ্চলে এই আবাদের সংখ্যা অনেকটাই বেশি। এতে কৃষকেরা লাভবান হবে বলে জানান তিনি।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মনজুরে মাওলা জনান, এবছর সূর্যমুখী ফুলের আবাদ হয়েছে ২০০ হেক্টর। বর্তমানে সূর্যমুখী ক্ষেতের যে অবস্থা তাতে বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন কৃষক ও কৃষি বিভাগ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158911