গাজীপুর সিটি প্রশাসক শওকত হোসেনের দায়িত্ব গ্রহণ, মাঠ তৈরি-খাল পুনঃখননের ঘোষণা

গাজীপুর সিটি প্রশাসক শওকত হোসেনের দায়িত্ব গ্রহণ, মাঠ তৈরি-খাল পুনঃখননের ঘোষণা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

বুধবার সকালে গাজীপুর নগর ভবন মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্বভার গ্রহণের প্রথম কার্যদিবসেই নগরীর উন্নয়নে ১৮০ দিনের (৬ মাস) পরিকল্পনা ঘোষণা করেছেন শওকত হোসেন সরকার। সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি বলেন, নগরবাসীর যানজটের দুর্ভোগ কমাতে আগামী ছয় মাসের মধ্যে জয়দেবপুর রেলক্রসিংয়ের ওপর একটি ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এছাড়া ঢাকার সাভার ও আশুলিয়ার সঙ্গে যোগাযোগ সহজতর করতে কাশিমপুর এলাকায় দুটি সেতুর নির্মাণ কাজ শুরু করার প্রতিশ্রুতি দেন তিনি। ঢাকার সঙ্গে সংযোগকারী বিকল্প সড়কগুলোরও উন্নয়ন করা হবে বলে তিনি জানান।

শওকত হোসেন সরকার বলেন, সিটি এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ও পয়োঃনিস্কাশনের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও গাজীপুর সিটির ১৯টি খাল খনন করে পানি প্রবাহ বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। খালে পানি প্রবাহ বাড়লে মশার বাসস্থান ও জলাবদ্ধতা দূর হবে। সামাজিক শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাস, চাঁদাবাজ এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন শওকত হোসেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এলাকাবাসী এবং শিশু- কিশোরদের খেলাধুলার জন্য ৫৭টি ওয়ার্ডে একটি করে মাঠ ও শহরে একটি শিশুপার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান তিনি।

শওকত হোসেন সরকার বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের নামে একটি অ্যাপস খোলা হবে। এই অ্যাপসে নাগরিকরা তাদের সমস্যা ও অভিযোগের তথ্য দিলে দ্রুত সময়ে তা সমাধান করে দেওয়া হবে। এছাড়া প্রতি মাসে একবার সাংবাদিকদের ডেকে সিটি করপোরেশনের বিভিন্ন কাজের অগ্রগতি প্রকাশ করা হবে এবং সিটির কর্মকর্তা-কর্মচারী প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। গাজীপুর শহরের রিকশা ও অটোরিকশা রিকশা শৃঙ্খলায় এনে যানজট নিরসনে কাজ করার কথাও জানিয়েছেন নতুন প্রশাসক।

এর আগে সকালে শওকত হোসেন সরকার নগর ভবনে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান। এ সময় তার সঙ্গে সিটি করপোরেশনের বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে নব নিয়োগপ্রাপ্ত প্রশাসক সিটি করপোরেশনের কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। গাজীপুরকে সিটি করপোরেশন ঘোষণার পর প্রথম মেয়র নির্বাচিত ছিলেন বিএনপির সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অধ্যাপক এমএ মান্নান। এরপর সাবেক মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও তার মা জায়েদা খাতুন মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের পর জায়েদা খাতুনকে বহিষ্কার করা হলে প্রশাসক হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার শরাফ উদ্দিন আহমেদকে নিয়োগ দেয় সরকার। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয় পেয়ে বিএনপি সরকার গঠনের পর সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গাজীপুর সিটির প্রশাসক হিসেবে শওকত হোসেন সরকারকে নিয়োগ দেওয়া হয়। মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এর আগে কাশিমপুর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158910