বগুড়ার ধুনটে পাকা রাস্তায় বহুতল ভবন নির্মাণের অভিযোগ

বগুড়ার ধুনটে পাকা রাস্তায় বহুতল ভবন নির্মাণের অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট-সোনাহাটা জনগুরুত্বপূর্ণ সরকারি পাকা রাস্তা অবৈধভাবে দখলে নিয়ে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট-সোনাহাটা সরকারি পাকা রাস্তার সোনাহাটা বাজারসংলগ্ন রাস্তার পশ্চিম পাশের ফুটপাত দখলে নিয়ে সোনাহাটা গ্রামের ব্যবসায়ী জিয়াউর রহমান বহুতল ভবন নির্মাণ করেছেন।

ওই রাস্তার পাশ দিয়ে দীর্ঘদিন আগে সরকারিভাবে বনজ গাছ রোপণ করা হয়েছে। গাছগুলো বড় হয়ে এখন অনেক মূল্যবান হয়েছে। ওই ব্যবসায়ী বহুতল ভবন বর্ধিত করার জন্য ২টি গাছের গোড়ালী প্লাস্টার এবং উপরের অংশ বেলকনির ভেতর আবদ্ধ করে ফেলেছেন। এতে করে সরকারি রাস্তাটি সংকুচিত হয়ে দুর্ঘটনায় আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, জনগুরুত্বপূর্ণ এই পাকা সড়কে বহুতল ভবন নির্মাণ করায় রাস্তটি সংকুচিত হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যানবাহন চলাচলা করছে। এছাড়া গাছের গোড়ায় কংক্রিটের বেস্টনি তৈরি করায় গাছের জন্য অত্যন্ত ক্ষতিকর।

এ বিষয়ে ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন, আমার জমির ভেতর দিয়ে সরকারিভাবে পাকা রাস্তা করা হয়েছে। এ কারণে আমার জায়গায় আমি বহুতল ভবন নির্মাণ করেছি। আর গাছগুলো আগেই আগুনে পুড়ে মারা গেছে। তবে ধুনট উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মন বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158907