অনলাইন জুয়া খেলে সর্বস্বান্ত হয়ে যুবকের আত্মহত্যা  

অনলাইন জুয়া খেলে সর্বস্বান্ত হয়ে যুবকের আত্মহত্যা  

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিতে অনলাইন জুয়া (ক্যাসিনো) খেলে সর্বস্বান্ত হয়ে মমিনুল ইসলাম (২৮) নামের এক যুবক বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বালিঘাটা ইউনিয়নের গনেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। মমিনুল ওই গ্রামের মৃত একরামুল হকের ছেলে।

জানা যায়, মমিনুল ইসলাম জীবিকার তাগিদে ঢাকায় থাকার সময় অনলাইন জুয়া খেলায় জড়িয়ে পড়ে। এতে সে আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়ে। গতকাল মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে পরিবারের সকলের অগোচরে তার নিজ শয়ন ঘরের মধ্যে জমিতে দেওয়া বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে আধুনিক জেলা হাসপাতাল জয়পুরহাটে রেফার্ড করেন। সেখানেও তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সময় পথে তার মৃত্যু হয়। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158902