দিনাজপুরের চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে সার পাচারের সময় স্থানীয় জনতা ৮৩ বস্তা সার আটক করে মহাসড়ক অবরোধ করেন। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার পুনট্রি ইউনিয়নের আমতলী বাজারে ঘটনাটি ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সার ব্যবসায়ীদের হেফাজতে নিয়ে সার জব্দ করে জরিমানা করলে জনতা মহাসড়কে অবরোধ তুলে নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলী বাজারের সার ব্যবসায়ী মাহমুদুল হক (৪২) ও জাহাঙ্গীর আলম দুজনে মিলে ৭টি ভ্যানে করে ৮৩ বস্তা সার দিনাজপুর কোতয়ালী সদর থানার উদ্দ্যেশে পাচারের সময় স্থানীয় জনতা ভ্যানসহ সার আটক এবং প্রতিবাদে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে।
থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি অফিসারসহ ঘটনাস্থলে পৌঁছে সার ব্যবসায়ীদের হেফাজতে নিয়ে সার জব্দ করা হয়। স্থানীয় উত্তেজিত জনতাকে শান্ত করে ৩ ঘন্টা পর পরিস্থিতি শান্ত করে মহাসড়কে অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা বলেন, উপজেলায় ২০ জন বিসিসিআই সার ডিলারের বাইরে ২০০৮ সালে ২৭ জন খুচরো বিক্রেতাকে সার বিক্রির অনুমতি দেওয়া হয়। হেফাজতকৃত সার ব্যবসায়ীরা তালিকা বহির্ভুত ব্যবসায়ী। পুরো উপজেলায় তালিকা বহির্ভুত খুচরা সার ব্যবসায়ীর কোন জরিপ বা তালিকা অত্র অফিসে নেই।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা বলেন, সারগুলো জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রশাসকের জিম্মায় রাখা হয়েছে। বিকেলে ইউনিয়ন প্রশাসক ও কৃষি অফিসের সহায়তায় সরকারি ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হবে। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সার পাচারকারী দুই সার ব্যবসায়ীর মধ্যে মাহমুদুল হককে ৫০ হাজার টাকা ও জাহাঙ্গীর আলমকে ২০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। এরপর উত্তেজিত জনতাকে শান্ত করে মহাসড়কের অবরোধ প্রত্যাহার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158835