ঠাকুরগাঁওয়ে বসতবাড়ির বৈদ্যুতিক তার চুরির হিড়িক, আটক ২
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: পৌরসভার বিভিন্ন এলাকা ও সদর উপজেলার বিভিন্ন স্থানে বসতবাড়ির বৈদ্যুতিক মিটারের তার চুরির হিড়িক পড়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে স্থানীয় জনতা ও পুলিশ। এ ঘটনায় আরও তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, পৌর শহরের শাহাপাড়া এলাকায় মইনুল মেম্বারের বাড়ির পাশে একটি বসতবাড়িতে এ চুরির ঘটনা ঘটে। গত সোমবার দিবাগত রাতে বাড়ির সকলে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাত প্রায় ৩টায় ঘুম থেকে উঠে দেখেন তার বাসায় বিদ্যুৎ নেই, অথচ আশপাশের বাড়িতে বিদ্যুৎ রয়েছে। বাইরে গিয়ে দেখতে পান, বাড়ির বৈদ্যুতিক মিটারের প্রায় ৩শ’ ফুট তার চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
এ সময় তিনি চোর চোর বলে চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আল আমিন(৩৪) ও আব্দুল মালেক(৩৫) নামে দুইজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনের নাম পাওয়া যায়। তারা হলো- সোহেল(৩০), আলাল(৩২) ও সারোয়ার(৩৫)।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুইজনকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী স্বজন মো. জিল্লুর রহমান বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করেছেন। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, বৈদ্যুতিক তার চুরির ঘটনায় মামলা রুজু হয়েছে। আটক দুই আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত ১০ দিনে পৌর শহরের টিকাপাড়া মহল্লার বেশকিছু বাড়ি, ইসলামবাগ মহল্লার বেশ কয়েকটি বাড়ি থেকে চোরেরা বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158804