দীর্ঘদিন পর বিচ্ছেদের গান নিয়ে সালমা
অভি মঈনুদ্দীন: প্রায় একমাস আগে বিচ্ছেদের একটি নতুন গান গেয়েছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সালমা। গানের শিরোনাম ‘এমন ভালোবাসা চাইনা’। গানটি লিখেছেন অনুরূপ আইচ। সুর করেছেন শরিফ আল দ্বীন ও মিউজিক করেছেন শাফকাত হৃদয়। গানের সকল কাজ শেষে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শত শত গানের মিউজিক ভিডিও নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। গানটি ‘সঙ্গীতা মিউজিক’-এ কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে।
গানটি প্রসঙ্গে সালমা বলেন,‘ বিরহ ও কষ্টের আবহে ফোক ধাঁচের গান ‘এমন ভালোবাসা চাই না’। এই ফাল্গুনে, পাতাঝরা বসন্তের বিমর্ষ এক দুপুরে ভালোবেসে প্রতারিত হওয়া এক নারীর ভাঙ্গা হৃদয়ের কথা উঠে এসেছে এই গানে। বারবার কষ্ট পাওয়া মন আর নতুন করে কোনো ভালোবাসায় জড়াতে চায় না-এই অনুভূতিই গানটির মূল কথা, মূল সুর। দীর্ঘদিন পর এমন বিচ্ছেদের গান গেয়ে খুব আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। তবে আমার বিশ্বাস ছিলো যে গানটি শ্রোতা দর্শকের ভালোলাগবে। গানটি প্রকাশের পর একটু একটু করে বেশ ভালো সাড়া পাচ্ছি। আগামীতে এই গানের প্রতি শ্রোতা দর্শকের ভালোলাগা বাড়বে বলেই আমার বিশ্বাস।’
কিছুদিন আগে রঙ্গন’ মিউজিকে প্রকাশিত হয়েছে সালমার কন্ঠে জামাল হোসেনের লেখা ‘দিল দিওয়ানা’ শিরোনামের একটি গান। গানটির সুর সঙ্গীত করেছেন আকাশ মাহমুদ। এই গানটি শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তারচেয়ে বেশি যে গানটি এই সময়ে শ্রোতা দর্শকের মধ্যে বেশি আলোড়ন তুলেছে সেটি হলো ‘বন্ধু মায়ার জাদু জানে’ গানটি। গানটি লিখেছেন তানভীর আহমেদ, সুর করেছেন রুমন দেওয়ান। গানটিতে সালমার সহশিল্পী শাহীন রানা।
এদিকে আপাতত স্টেজ শো’র বিরততে আছেন। আশা করা যাচ্ছে আগামী ঈদের পর সালমা স্টেজ শোতে আবারো ব্যস্ত হয়ে উঠবেন। একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হিসেবে সালমা বাংলাদেশের বাইরেও বিশ্বের নানান দেশে স্টেজ শোতে দর্শককে মাতিয়ে চলেছেন দীর্ঘদিন ধরেই। ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে’ রিয়েলিটি শোর দ্বিতীয় সিজনের চ্যাম্পিয়ন সালমা শুধূই গান গাওয়াতেই নিজেকে ব্যস্ত রেখেছেন এমনটি নয়। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও সম্পৃক্ত। স্যালন মিউজিক’-এ সালমার কন্ঠে গীতা দত্তের গাওয়া ‘এই সুন্দর স্বর্নালী সন্ধ্যায়’ ও লতা মুঙ্গেশকরের ‘কেনো কিছু কথা বলো না’ শ্রোতা দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। একজন ফোক শিল্পী হয়েও তার কন্ঠে এই গান শুনে শ্রোতারা মুগ্ধ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158791