বগুড়ার গাবতলী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে চাই- সংসদ সদস্য মিলটন
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন বলেছেন, সকলের সহযোগিতায় গাবতলী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে চাই। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে জনগণের কল্যাণে দেশের উন্নয়ন করেছে। একটি দেশকে উন্নয়নশীল করতে হলে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে। গাবতলী-শাজাহানপুর এলাকার সকল প্রকার উন্নয়ন অব্যাহত থাকবে।
উপজেলার সার্বিক উন্নয়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয় রাখা অত্যন্ত জরুরি। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের ইছামতি হলরুমে নবনির্বাচিত এমপি’র সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুর ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল ইসলাম, প্রকৌশল কর্মকর্তা সাজেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মহিদুল ইসলাম, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, মৎস্য কর্মকর্তা গোলাম শাকিল আহম্মেদ, পরিসংখ্যান কর্মকর্তা জান্নাতুল মাওয়া, নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, মডেল থানার ওসি আনিছুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা আরিফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, প্রথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, পল্লি উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমবায় কর্মকর্তা জয়নুল আবেদীন, আনসার ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম, পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মাসুদ আহম্মেদ, গাবতলী প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক, ইউপি চেয়ারম্যান রাজ্জাকুল আমিন রোকন তালুকদার, আব্দুল ওহাব মন্ডল, আব্দুল মজিদ মন্ডল, হৃদয় হোসেন গোলজার, রাজা মন্ডল, শহিদুল ইসলাম বাদল, সঞ্জয় মজুমদার প্রমুখ।
সভার শুরুতে উপজেলা পরিষদের পক্ষ থেকে সংসদ সদস্য মোরশেদ মিলটনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে মতবিনিময় সভা শেষে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন সংসদ সদস্য। পাশাপাশি প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, ফুটবল এবং কৃষকদের মধ্যে কৃষির বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158769