শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত
মুন্সিগঞ্জ শ্রীনগরে ট্রেনের ধাক্কায় শ্রীনগর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানের (৪৮) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ষোলঘর ইউনিয়নের কেউটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও নিহত জিয়াউর রহমানের সহকর্মীরা জানান, মঙ্গলবার সকালে তিনি একটি খাল-খনন কর্মসূচির সাইড পরিদর্শন শেষে নিজ অফিসে ফিরছিলেন। পথিমধ্যে কেউটখালী এলাকায় মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির ট্রেন তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হয়ে রেললাইনের পাশে ছিটকে পড়েন। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ায় সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান জানান, নিহত জিয়াউর দীর্ঘ ১৩ বছর ধরে শ্রীনগর উপজেলা কৃষি অফিসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে। সে স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্রীনগরে একটি ভাড়া বাসায় থাকতেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158764