জয়পুরহাটে কৃষকের জমির সরিষা কেটে নেয়া সেই যুবদল নেতা গ্রেফতার

জয়পুরহাটে কৃষকের জমির সরিষা কেটে নেয়া সেই যুবদল নেতা গ্রেফতার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে কৃষকের জমির সরিষা কেটে নেয়ার ঘটনায় জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন ফিদাকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দলবল নিয়ে মোমিন ইসলাম নামে এক কৃষকের জমির সরিষা কেটে আনে যুবদল নেতা ফিদা ও তার চাচাতো ভগ্নিপতি মেহেদী মাছুম। ওই ঘটনায় কৃষক মোমিন ইসলাম সোমবার বিকেলে বাদি হয়ে যুবদল নেতা ফিদা ও তার চাচাতো ভগ্নিপতি মেহেদী মাছুমসহ ৯ জনকে আসামি করে কালাই থানায় মামলা দায়ের করেন। মামলার পর যুবদল নেতা ফিদাকে গ্রেফতার করে পুলিশ। 

সোমবার দৈনিক করতোয়া পত্রিকার ৩নং পাতায় ‘কৃষকের জমির সরিষা কেটে নিলেন যুবদল নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর মামলা, গ্রেফতার ও দল থেকে বহিস্কারের ঘটনা ঘটে।  

মামলার আসামিরা হলেন-ভুক্তভোগী কৃষকের প্রতিপক্ষ চাচাতো ভগ্নিপতি কালাই কৃষি ব্যাংকপাড়ার আব্দুল জলিলের ছেলে মেহেদী মাছুম, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন ফিদা, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, একই উপজেলার বেগুনগ্রামের আব্দুল জলিল, মাদারপুর গ্রামের আলিফ হোসেন, ঝামটপুর গ্রামের আমিনুর ইসলাম, তালোড়া বাইগুনী গ্রামের ইমন মিয়া, দূর্গাপুর গ্রামের সৌরভ হোসেন এবং মাদাপুর গ্রামের ইমন হোসেন। তারা সবাই যুবদল ও ছাত্রদলের সাথে জড়িত। 

অপরদিকে ওই ঘটনায় দলীয় শৃঙাখলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে জয়পুরহাট জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন ফিদাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সইকৃত প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করেছেন, বহিস্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কৃষক মোমিন ইসলামের বাবার মৃত্যুর পর পরিবারে চাচাদের সাথে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। মোমিন ইসলামের চাচা আফছার আলীর মেয়ে জামাই মেহেদী মাছুম এসব জমি নিয়ে ওই পরিবারের বিরোধে জড়িয়ে পড়েন। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) মেহেদী মাছুম জেলা যুবদলের সদস্য ফিদা, যুবদল ও ছাত্রদলের ২০-২৫ জনকে ভাড়া করে মোমিন ইসলামের জমিতে গিয়ে দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে সরিষা কাটা শুরু করেন। ভুক্তভোগী কোনো উপায় না পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই তারা জমি থেকে সরিষা কেটে নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে এসে কালাই কৃষি ব্যাংকপাড়া মেহেদী মাছুমের বাড়ির সামনে স্তুপ রাখা সরিষা উদ্ধারগুলো জব্দ করে।

ভুক্তভোগী কৃষক মোমিন ইসলাম বলেন, সোমবার বিকেলে মামলা করেছি। এরপর যুবদল নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান বলেন, এই ঘটনা সোস্যাল মিডিয়া ফেসবুকে দেখার পর বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া জন্য কেন্দ্রে পাঠিয়েছি। কেন্দ্র তাকে যুবদল থেকে বহিস্কার করেছে। তিনি আরও বলেন, ওই ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় মামলা করেছেন। পুলিশ তাকে গ্রেফতারও করেছে। আমরা কোনো ভাবেই দলের ভাবমূর্তি ক্ষুন্ন হতে দিবো না। 

যুবদল নেতা আনোয়ার হোসেন ফিদাকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ওই মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158723