মতামত ছাড়াই পুলিশের পোশাক পরিবর্তন, পুনর্বিবেচনার আহ্বান
বাংলাদেশ পুলিশ–এর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ইউনিফর্ম পরিবর্তনের আগে আরও গবেষণা ও জনমত যাচাই প্রয়োজন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০০৩-০৪ সালে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে খাকি পোশাক পরিবর্তন করে বর্তমান ইউনিফর্ম নির্ধারণ করা হয়েছিল। সে সময় দেশের আবহাওয়া, পুলিশ সদস্যদের গায়ের রং, দিন-রাতের ডিউটিতে সহজে শনাক্তযোগ্যতা এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সাদৃশ্য না থাকার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়।
তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত নতুন পোশাকে এসব বাস্তব বিষয় যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলে দাবি সংগঠনটির। তাদের মতে, নতুন ইউনিফর্মের সঙ্গে কয়েকটি সংস্থার পোশাকের সাদৃশ্য থাকায় মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের দ্রুত চিহ্নিত করা কঠিন হতে পারে।
সংগঠনটি আরও জানায়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহ্যবাহী পোশাক পরেই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন এবং তাদের পেশাদারিত্ব প্রশংসিত হয়েছে। তাদের দাবি, এই পোশাক বাহিনীর ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক।
পোশাক পরিবর্তন ব্যয়বহুল উল্লেখ করে সংগঠনটি বলেছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন ইউনিফর্মে বিপুল অর্থ ব্যয়ের চেয়ে আধুনিকায়ন, যানবাহন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি এবং প্রশিক্ষণে বিনিয়োগ বেশি যৌক্তিক।
সরকারের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে সংগঠনটি জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158700