বগুড়ার সারিয়াকান্দিতে প্রতিপক্ষের মারপিটে কৃষকের মৃত্যুর অভিযোগ
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে নয়া মিয়া (৬০) নামের এক কৃষকের রহস্যময় মৃত্যু হয়েছে। পরিবারের দাবি তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে পুলিশের ধারনা, হার্ট এ্যাটাকে তার মৃত্যু হতে পারে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রোববার উপজেলার কুতুবপুর ইউনিয়নের বয়রাকান্দি গ্রামের নিহত নয়া মিয়ার নাতি নিরব মিয়া (১৪) তার সহপাঠী একই গ্রামের জপুুর ছেলে মামুন মিয়া (১৪), হেলাল সরকারের ছেলে কাওসার (১৫), কাওসারের ছেলে হেলাল (১৭) এবং অফফেরের ছেলে রাজনের (১৬) সাথে নিরব মিয়ার লুডু খেলা নিয়ে কথার কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে তারাবির নামাজের পর তাদের মধ্যে মারামারি হয়। মারামারির একপর্যায়ে হেলালের পেটে ধারালো অস্ত্রের দাগ সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে হেলালের নেতৃত্বে নিরবের বাড়িতে রাত সাড়ে ৯টার দিকে শতাধিক দুষ্কৃতকারী হামলা চালায়। হামলায় নিরবকে বাঁচাতে তার দাদা নয়া মিয়া (৬০) এগিয়ে যায়। পরে তারা নয়া মিয়ার পেটে গাছের ডাল দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বিষয়গুলো নিশ্চিত করে নয়া মিয়ার ছেলে বিপুল মিয়া বলেন, আমার বাবাকে গাছের ডাল দিয়ে পেটে উপর্যুপরি আঘাত করা হয়েছে। ঘটনাস্থলেই পুলিশের সামনেই আমার বাবার মৃত্যু হয়। প্রশাসনের কাছে আমরা এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, বাড়িঘরে হামলা করার পর ভয়ে কৃষক নয়া মিয়া হার্ট এ্যাটাকে মৃত্যুবরণ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাই লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয় এখনো কোনও অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158598