‘রঙ্গন’-এ আসছে চয়নিকার ‘ভালোবাসার অন্য নাম তুমি’
অভি মঈনুদ্দীন ঃ আগামী ঈদে প্রচারের লক্ষ্যে গত তিনদিনে নির্মাণ কাজ শেষ হয়েছে চয়নিকা চৌধুরীর গল্পে ও নির্দেশনায় ঈদ বিশেষ টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য নাম তুমি’। নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফীন তন্বী।
টেলিফিল্মটির মূল গল্প প্রসঙ্গে দেশের প্রখ্যাত গুনী নাটক ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন,‘ মানুষ যাকে চায় তাকে পায়না, আবার যাকে পায় তাকে সে চায়না। কিন্তু যাকে পায় আশেপাশের মানুষকে ভালো রাখার জন্য তাকেই মেনে নেয়, জীবনে মানিয়ে নেবার চেষ্টা করে। এটাই টেলিফিল্মটির মূল গল্প।’
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রখ্যাত চার অভিনয়শিল্পী ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, দীপা খন্দকার ও রিচি সোলায়মান। টেলিফিল্মটি প্রযোজনা করেছেন ‘রঙ্গন’ মিউজিকের কর্ণধার মোঃ জামাল হোসেন। আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের পর এটি ‘রঙ্গন’ এন্টারটেইনম্যান্ট ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে।
এতে অভিনয় প্রসঙ্গে ডলি জহুর বলেন,‘ কিছুদিনর আগে চয়নের নির্দেশনায় লাইফ ইজ বিউটিফুল নামের একটি নাটকে অভিনয় করেছিলাম। গত ১৬ ফেব্রুয়ারি রঙ্গন চ্যানেলে প্রচারের পর বেশ সাড়া পাচ্ছি। সত্যি বলতে কী চয়নতো আসলে জীবনের গল্প নিয়ে নাটক নির্মাণ করে। ভালোবাসার অন্য নাম তুমি-ও ঠিক তেমনি আমাদের জীবনেরই গল্প। আশা করছি ভালোলাগবে দর্শকের।’
শহীদুজ্জামান সেলিম বলেন,‘ দীর্ঘদিন পর চয়নিকা চৌধুরীর নির্দেশনায় অভিনয় করা হলো। এতে ডলি আপা, দীপা, রিচি কাজ করবে জেনেই আসলে অভিনয় করা। কারণ প্রত্যেক নাটকে বা ইউনিটে এতো ভালো ভালো শিল্পী পাওয়াও যায়না। ভালোবাসার অন্য নাম তুমি টেলিফিল্মে অনেক ভালো ভালো শিল্পীদের সামাহার ঘটবে বলেই আমি এতে অভিনয় করেছি।’
দীপা খন্দকার বলেন,‘ চয়নিকা দিদির নাটকের প্রতি দর্শকের এখনো একটা আলাদা আগ্রহ কাজ করে। গল্প, শিল্পী, সিনেমাটোগ্রাফি সব মিলিয়েই তার নাটক সবসময়ই দর্শকের কাছে ভীষণ উপভোগ্য হয়ে উঠে। এই নাটক নিয়েও আমার তেমনি প্রত্যাশা।’
রিচি বলেন,‘ চয়ন দিদির নির্দেশনায় এর আগেও আমি খুব সুন্দর সুন্দর গল্পের নাটকে অভিনয় করেছি। এই টেলিফিল্মের গল্পটাও যদিও আমাদের খুউব চেনা জানা, কিন্তু তারপরও দিদি তার নির্মাণ দিয়েও অনন্য করে তোলার চেষ্টা করেছেন। অনেকদিন পর আসলে ডলি আপা, সেলিম ভাই, দীপা আপা, আমি একসঙ্গে এক টেলিফিল্মে তাও আবার টানা তিনদিন কাজ করে খুউব ভালোলেগেছে।’ উল্লেখ্য, টেলিফিল্মটির নির্মাণ কাজ গত ২০,২১ ও ২২ ফেব্রুয়ারি এই তিনদিনে সম্পন্ন হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158578