রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানায় ভয়াবহ হামলা

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানায় ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক : দখলকৃত ক্রিমিয়া ও জাপোরিঝঝিয়া অঞ্চলে রাশিয়ার একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। শনিবার (২১ ফেব্রুয়ারি) ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এ তথ্য নিশ্চিত করেছে।

জেনারেল স্টাফের বিবৃতি অনুযায়ী, দখলকৃত ক্রিমিয়ায় সেভাস্তোপোলের কাছাকাছি এলাকায় ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার কোস্ট গার্ডের দুটি সীমান্ত টহল জাহাজে হামলা চালায়। জাহাজ দুটি ছিল প্রজেক্ট ২২৪৬০ হান্টার, যা রুশ রুবিন শ্রেণির কোস্ট গার্ড জাহাজের অন্তর্ভুক্ত। এই যুদ্ধজাহাজ সমুদ্র ও আকাশপথের হুমকি মোকাবিলার জন্য ব্যবহৃত হয়। এর আগেও গত ডিসেম্বরে ইউক্রেন সমুদ্রড্রোন ব্যবহার করে একই শ্রেণির একটি জাহাজে হামলা চালিয়েছিল। যদিও সর্বশেষ হামলায় ড্রোন ব্যবহৃত হয়েছে কি না, সে বিষয় নিশ্চিত করেনি জেনারেল স্টাফ।

ক্রিমিয়ার উত্তরাঞ্চলে ইয়েভপাটোরিয়া এভিয়েশন রিপেয়ার প্ল্যান্টে অবস্থানরত রাশিয়ার দুটি বি-১২ চাইকা বিমানেও হামলা চালানো হয়। সোভিয়েত আমলে নির্মিত এই উভচর অ্যান্টি-সাবমেরিন বিমানগুলো কৃষ্ণসাগরে যুদ্ধ অভিযানে ব্যবহৃত হয়ে আসছিল। এর আগেও ২০২৫ সালের সেপ্টেম্বরে দখলকৃত ক্রিমিয়ায় বি-১২ বিমানে আঘাত হেনেছিল ইউক্রেন। জেনারেল স্টাফ জানায়, ক্রিমিয়ায় হামলার চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও মূল্যায়ন করা হচ্ছে। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী ধারাবাহিকভাবে আগ্রাসী শক্তির যুদ্ধ সক্ষমতা কমিয়ে দিচ্ছে এবং তাদের আক্রমণাত্মক অভিযান চালানোর সামর্থ্য নষ্ট করছে।

একই সঙ্গে দখলকৃত জাপোরিঝঝিয়া অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার একটি টর্নেডো-এস মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ধ্বংস করেছে। এই ব্যবস্থা কার্যত রাশিয়ার ‘হাইমার্স’-সমতুল্য, যা ১২০ কিলোমিটার পাল্লার নির্ভুল রকেট ছুড়ে ইউক্রেনীয় শহরগুলোতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করছিল। ইউক্রেনের মানববিহীন সিস্টেম বাহিনীর কমান্ডার রবার্ট মাদিয়ার ব্রোভদি বলেন, ‘টর্নেডো ব্যবস্থা খারকিভ, জাপোরিঝঝিয়া, সুমি, খেরসন, নিকোপোলসহ ইউক্রেনের বহু শান্ত শহরের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছিল।’

এদিকে ইউক্রেন নিশ্চিত করেছে, শুক্রবার ভোররাতে তারা রাশিয়ার ভেতরে একটি বড় সামরিক শিল্পপ্রতিষ্ঠানেও হামলা চালিয়েছে। কিয়েভের দাবি, দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফ্ল্যামিংগো’ ব্যবহার করে রাশিয়ার উদমুর্ত প্রজাতন্ত্রে অবস্থিত ভোটকিনস্ক মেশিন বিল্ডিং প্ল্যান্টে আঘাত হানা হয়। রাষ্ট্রীয় মালিকানাধীন কারখানাটি রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। এখানে স্বল্পপাল্লার ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি হয়, যা ইউক্রেনের বিরুদ্ধে নিয়মিত ব্যবহার করছে রাশিয়া। একই সঙ্গে এখানেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎপাদন করা হয়, যা পারমাণবিক ওয়ারহেড বহনেও সক্ষম। ধারণা করা হচ্ছে, রাশিয়ার নতুন ‘ওরেশনিক’ আইসিবিএমও এই কারখানায় তৈরি হচ্ছে। সূত্র : কিয়েভ ইন্ডিপেনডেন্ট

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158546