ঢাবি আইবিএ’র সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খানের ইন্তেকাল
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খান ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের বার্মিংহামে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে Marie Curie West Midlands Hospice-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪০ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের সহকারী অধ্যাপক নুশরাত তাশমিন, এক ছেলে, আত্মীয়-স্বজন, সহকর্মী, অসংখ্য শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। জানা গেছে, সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খান শিক্ষা ছুটি নিয়ে যুক্তরাজ্যের University of Birmingham-এ পিএইচডি গবেষণায় নিয়োজিত ছিলেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এক শোকবার্তায় উপাচার্য বলেন, মেধাবী এই তরুণ শিক্ষক দেশের ব্যবসায় শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। শিক্ষা-গবেষণায় তার নিষ্ঠা ও অবদান শিক্ষক-শিক্ষার্থীদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তিনি প্রয়াতের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রয়াতের মরদেহ আগামীকাল (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকায় পৌঁছাবে। শিক্ষক-শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২টায় আইবিএ চত্বরে মরদেহ রাখা হবে। একইদিন বাদ জোহর মসজিদুল জামিআ-য় জানাজা শেষে রায়ের বাজার কবরস্থান-এ তার দাফন সম্পন্ন হবে।
সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খানের প্রয়াণে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158533