৫ টাকা নিয়ে দুই ভাইয়ের হাতাহাতি, ছোটজনের মৃত্যু
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ বিলের মাত্র ৫ টাকা নিয়ে দুই ভাইয়ের হাতাহাতিতে একজন মারা গেছেন। মৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন। এ ঘটনায় বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলমগীরের স্ত্রী সাবিনা ইয়াসমিন অভিযোগ করে জানান, একটি মিটার দুই ভাই যৌথভাবে বিদ্যুৎ ব্যবহার করেন। দুজনই ভাগাভাগি করে বিল পরিশোধ করেন। চলতি মাসের বিল দেওয়ার সময় আলমগীর ৫ টাকা কম দেন। এ নিয়েই দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
সাবিনা ইয়াসমিন জানান, শনিবার সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে তার স্বামী আলমগীর চা পান করতে যান। সেখানে খোরশেদসহ কয়েকজন মিলে আলমগীরকে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় অভিযুক্তরা তাকে ঘটনাস্থলে ফেলে রেখে যান।
পুলিশ জানায়, বিদ্যুৎ বিল নিয়ে খোরশেদ ও আলমগীরের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুই ভাই দোকানে গেলে সেখানে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা তাদের ছাড়িয়ে নেন। একপর্যায়ে খোরশেদ ঘটনাস্থল থেকে চলে গেলেও আলমগীর সেখানে ছিলেন। পরিবারের ভাষ্যমতে আহত অবস্থায় আলমগীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158519