গুলশানে প্রধানমন্ত্রীর বাসার সামনে থেকে ৬ ‘ভিক্ষুককে’ ধরে থানায় নিল পুলিশ
ঢাকার গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসার সামনে থেকে ছয়জনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
পুলিশ বলছে, আটক ব্যক্তিরা ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত। বারবার সরে যেতে বলা হলেও নির্দেশনা না মানায় শনিবার সন্ধ্যার পর তাদের থানায় নেওয়া হয়।
আটকরা হলেন—খোদা বক্স আক্তার (২৬), খাদিজা বেগম (৪০), খাদিজা বেগম (৩৫), সাহেদা বেগম (৪৮), রিনা আক্তার (৪৮) ও মোহাম্মদ সিদ্দিক (৪০)।
গুলশান থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, ‘তারা ভিক্ষুক, সেখানে তারা অবস্থান করছিলেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা বার বার সরে যেতে বললেও তারা শুনছিলেন না। পরে আমাদের জানালে ইফতারের পর তাদেরকে থানায় নিয়ে আসা হয়।’
তিনি আরও বলেন, ‘তেমন কিছু না, তাদেরকে এনে বসিয়ে রেখেছি, খাবার দিয়েছি। আমরা কথাবার্তা বলছি।’
ওই ছয়জনের বিষয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে, বলেন তিনি।
নির্বাচনের আগে গেল ৪ জানুয়ারি ও আগের দিন রাতে তারেক রহমানের বাসা ও বিএনপি কার্যালয়ের সামনে থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা নিজেদের তারেক রহমানের ভক্ত বলে দাবি করেছিল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158510