‘দেশে মিউজিক বা ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু নেই’- বললেন আসিফ আাকবর
বিনোদন ডেস্ক : শুরু থেকেই অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করেন তিনি। এবার সংগীতশিল্পী হিসেবে নিজের পেশা এবং এখানকার বাস্তব অবস্থা নিয়ে একটি পোস্ট করেছেন তিনি। সেখানে উঠে এসেছে করোনাকালীন সময় থেকে এখনকার সংগীতের টিকে থাকার যুদ্ধের কথা।
আসিফ আকবর বলেন, পবিত্র রমজান মাস এলেই করোনাকালীন যন্ত্রণা তাড়িয়ে বেড়ায়। এমনিতেই বাংলাদেশের সমস্ত সমস্যা প্রতিফলিত হয় সংস্কৃতি অঙ্গনে, প্রথম চালানেই বন্ধ হয় সংগীতের কার্যক্রম। আসিফ বলেন, এই দেশে শিল্পীদের রাষ্ট্রীয়ভাবে সামাজিক নিরাপত্তা প্রাপ্তির কোনো অপশন নেই। ব্যাংক লোন দেয় না, বাড়িওয়ালা দেয় না বাসা ভাড়া। তবুও থেমে নেই চর্চা, চলছে পেশা নিয়ে টিকে থাকার যুদ্ধ। করোনাকালের কথা মনে করে এ গায়ক লিখেন, করোনার সময় আমরা রেকর্ডিং করতাম মোবাইল ফোনে। স্টুডিও বন্ধ, টেকনিশিয়ান নাই, সব কাজ হতো বাসায় অবস্থান করেই। নিরাপত্তা আতঙ্কে মিউজিশিয়ানরা কেউ চলে গেছেন শহর ছেড়ে, কেউ প্রবাসে, কেউ বদলে ফেলেছেন পেশা। তবুও শুকরিয়া-ধ্রুব গুহ দাদার মতো দু’-একজন বোকা প্রডিউসার ছিলেন আমাদের পাশে। প্রসঙ্গক্রমে এ তারকা বলেন, যেভাবে সরকার যায় সরকার আসে, ঠিক সেভাবেই চাটুকারের দল যায়, চাটুকারের দল আসে। একঘেয়ে গালভরা বুলি আর স্বপ্ন পোড়া ছাই- এই টম জেরি’র গল্প যেন শেষ হওয়ার নয়! এখন দেশে মিউজিক বা ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু নেই, আছে সেগুলোর কঙ্কালসার অবয়ব। এই অবয়ব দিয়ে ল্যাবেও (গবেষণা) কাজ হবে না। করোনা শিক্ষা আর আতঙ্ক নিয়ে এসেছিল, চলেও গেছে। আমরা সব ভুলে যাই বরাবরের মতো, বিপদ কেটে যাওয়ায় আবারো হয়ে গেছি অহংকারী। সংস্কৃতিকর্মীদের নিজেদের স্বার্থপরতায় প্রতি পদে পদে নিহত হয় সম্ভাবনা। আর সাংস্কৃতিক বলয়ে ছড়ি ঘোরায় অভিশপ্ত পদাতিক। তবুও ...।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158489