লেবাননে ইসরায়েলি ভয়াবহ বিমান হামলায় নিহত ১২

লেবাননে ইসরায়েলি ভয়াবহ বিমান হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের পূর্ব-দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ভয়াবহ বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এএফপি’র বরাতে এই তথ্য জানিয়েছে জিও নিউজ। 

হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, লেবাননের পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় চালানো বিমান হামলায় তাদের একজন কমান্ডার নিহত হন।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবাননে হিজবুল্লাহর কমান্ড সেন্টারগুলোতে হামলা চালিয়েছে তারা। ২০২৪ সালের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষ বন্ধে যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘বেকা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি শত্রু বাহিনীর হামলায় ১০ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।’ আহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে বলেও জানানো হয়। এর আগে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, ওই অঞ্চলে ভারি হামলার ঘটনায় অন্তত ছয়জন নিহত এবং ২৫ জন আহত হন।

এই হামলাগুলোর কয়েক ঘণ্টা আগে লেবাননের সবচেয়ে বড় ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল। এতে দুইজন নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ওই হামলায় হামাসকে লক্ষ্যবস্তু করেছিল তারা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158453