শহীদদের রক্তের ঋণ শোধে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জামায়াত আমিরের
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদদের রক্তের ঋণ শোধ করতে দেশে ন্যায়ভিত্তিক, শোষণমুক্ত ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি। জাতির প্রকৃত মুক্তি না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও তিনি ঘোষণা দেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, রাষ্ট্রীয় আচারের অংশ এবং দায়িত্ববোধ থেকেই দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসেছেন।
ডা. শফিকুর রহমান বলেন, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ ও ১৯৯০ সালের গণঅভ্যুত্থান—প্রতিটি আন্দোলনে শহীদরা জাতির গৌরব। তবে তাদের ত্যাগের চেতনা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
তিনি অভিযোগ করেন, দেশে এখনো ফ্যাসিবাদ, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি বিদ্যমান। এসব থেকে মুক্ত হয়ে ন্যায়, অধিকার ও মর্যাদাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সাংবাদিকসহ দেশের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াত আমির।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158425