ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে শিশু রোগীর চাপ বাড়ছে, আড়াই মাসে ৩৬ জনের মৃত্যু

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে শিশু রোগীর চাপ বাড়ছে, আড়াই মাসে ৩৬ জনের মৃত্যু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: দিনে গরম ও রাতে তাপমাত্রার তারতম্যের কারণে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিউমোনিয়া, জ্বর, সর্দি-কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েছে। ধারণক্ষমতার কয়েকগুণ বেশি রোগী ভর্তি থাকায় শিশু ওয়ার্ডে সৃষ্টি হয়েছে তীব্র চাপ। এতে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। এদিকে গত আড়াই মাসে এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৩৬ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার সরেজমিনে হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, প্রায় প্রতিটি শয্যায় একাধিক শিশু চিকিৎসা নিচ্ছে। কোথাও মায়েরা কোলে করে সন্তান নিয়ে বসে আছেন, আবার কোথাও মেঝেতে বিছানা পেতে রাখা হয়েছে অসুস্থ শিশুদের। অভিভাবকদের ভিড়ে ওয়ার্ডে চলাচলও কঠিন হয়ে পড়েছে। এতে চিকিৎসাসেবা দিতে গিয়ে চাপে পড়ছেন দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীরা।

হাসপাতালের শিশু বিভাগের ওয়ার্ড ইনচার্জ ও জ্যেষ্ঠ স্টাফ নার্স তাজনেহার আকতার বলেন, শীত ও ঠান্ডা আবহাওয়ার কারণে শিশুরা নিউমোনিয়া, জ্বর, সর্দি ও ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ২০৫ জন শিশু ভর্তি হয়েছে, যা স্বাভাবিক ধারণক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি।

হাসপাতালের শিশু বিভাগ সূত্রে জানা যায়, গত বছরের ১ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত দুইমাস ১৯ দিনে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৬ জন জন শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে জ্বর, শ্বাসকষ্ট, খিচুনি, কম ওজন নিয়ে জন্ম নেওয়া এবং অপরিপক্ব নবজাতকের জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।

শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আবু মো. রাজিব-উল-দোজা তূর্য বলেন, ফেব্রুয়ারি মাসে আবহাওয়ার দ্রুত পরিবর্তনের কারণে শিশুদের মধ্যে ভাইরাসজনিত জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। আক্রান্ত শিশুদের অন্য শিশুদের সংস্পর্শ থেকে দূরে রাখার পরামর্শ দেন তিনি। বিশেষ করে মাম্পস বা ভাইরাসজনিত সংক্রামক রোগে আক্রান্ত শিশুদের সুস্থ না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে না পাঠাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

শিশুমৃত্যুর বিষয়ে তিনি বলেন, অপরিপক্ব অবস্থায় জন্ম নেওয়া নবজাতকদের ঝুঁকি বেশি থাকে। বাল্যবিয়ে, গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করা এবং প্রসবকালীন জটিলতাও এর অন্যতম কারণ। এসব বিষয়ে সচেতনতা বাড়ানো গেলে শিশুমৃত্যুর হার কমানো সম্ভব।

এদিকে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে শিশু রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকেরা। এসময় হাসপাতালের শয্যা সংখ্যা ও সেবার পরিধি বাড়ানোর দাবি জানান তারা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158414