বগুড়ার সোনাতলায় রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি ১৫ লাখ টাকার মালামাল লুট

বগুড়ার সোনাতলায় রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি ১৫ লাখ টাকার মালামাল লুট

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলায় নৈশ প্রহরী ও পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে রেখে আজাদ এগ্রো ফুড ইন্ডাষ্ট্রিজে (অটোমেটিক রাইস মিল) দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত ১৪/১৫ জনের একদল মুখোশধারী ডাকাত অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কাবিলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলার কাবিলপুর এলাকার মৃত আবদুস সাত্তার আকন্দের ছেলে আবুল কালাম আজাদ পুটুর সোনাতলা আজাদ এগ্রো ফুড ইন্ডাষ্ট্রিজ নামে (অটোমেটিক রাইস মিল) প্রতিষ্ঠান আছে। বর্তমানে অফসিজন হওয়ায় মিলটির কার্যক্রম বন্ধ ছিল। মিলের ভেতরে নৈশ প্রহরী উপজেলার উত্তর মহেশপুর গ্রামের আবদুর রশিদের ছেলে বিপুল (২৮) স্ত্রী, শিশু সন্তান ও শ্যালককে নিয়ে থাকেন।

সিসিটিভি ফুটেজ অনুসারে গতকাল বৃহস্পতিবার রাত ১২টা ১৯ মিনিটের দিকে ১৪/১৫ জনের একদল মুখোশধারী ডাকাত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই মিলে হানা দেয়। তারা পেছনের তারকাটা বেড়া কেটে মিলের মধ্যে ঢোকে। অস্ত্রের মুখে নৈশ প্রহরী বিপুল, তার স্ত্রী ও শ্যালককে হাত-পা. মুখ বেঁধে ফেলে।

এ সময় শিশু সন্তান কান্নাকাটি করলে ডাকাতরা নৈশপ্রহরীর স্ত্রীর হাত-পা ও মুখের বাঁধন খুলে দিয়ে ঘরে বন্ধ করে রাখে। এছাড়া নৈশ প্রহরীকে পাশেই একটি ডোবার ধারে ফেলে রেখে ডাকাতি শুরু করে। তারা মিল থেকে তামার তার, টেলিভিশন, সিসিটিভি, ডিভাইস, মনিটরসহ বিভিন্ন মালামাল লুট করে। এরপর রাত ৩টার দিকে ডাকাতরা মালামাল নিয়ে পালিয়ে যায়।

এদিকে পাশের একটি মিলে নৈশপ্রহরী কাবিলপুর গ্রামের খোকা শেখের ছেলে বাবুল শেখ সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেন। তিনি ডোবার কাছে নৈশ প্রহরী বাবুলের গোঙ্গানীর শব্দ পেয়ে তাকে উদ্ধার করেন। তখন তিনি (নৈশ প্রহরী) ডাকাতির কথা প্রকাশ ও বিষয়টি মালিক আবুল কালাম আজাদ পুটুকে অবহিত করেন।

অটো রাইস মিলের মালিক পুটু দাবি করেছেন, ডাকাত দল তার অন্তত ১৪/১৫ লাখ টাকার মালামাল লুট করেছে। বগুড়ার সোনাতলা-শিবগঞ্জ সার্কেলের এএসপি রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সোনাতলা থানার ওসি কবির হোসেন জানান, একটি অটো রাইস মিলে ডাকাতির কথা শুনেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158401